স্পোর্টস ডেস্ক : দিনের শুরুতেই ম্যানচেস্টার সিটির হার আর্সেনালের সামনে দারুণ এক সুযোগ এনে দিয়েছিল। এই ম্যাচ জিতলে লিগ টেবিলে ৯ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান আরও শক্ত করা যেত। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না মিকেল আর্তেতার দল। নটিংহ্যাম ফরেস্টের মাঠে আক্রমণে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পেল না আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে একের পর এক আক্রমণ করেও শেষ মুহূর্তের ফিনিশিং ব্যর্থতায় গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে গানারদের।
এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল আর্সেনাল। এর আগের ম্যাচেও তারা লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। ২২ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে রয়েছে তারা।
দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা, যদিও একটি ম্যাচ কম খেলেছে দলটি।
এদিকে বার্নলির বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।