সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালো আফগানিস্তান। আগে ব্যাট করে ইব্রাহিম জাদরান ও দারবিশ রসুলীর জোড়া ফিফটিতে ৩ উইকেটে ১৮১ রানের শক্তিশালী পুঁজি গড়ে তারা। রানের খাতা খোলার আগেই উইকেট হারানো আফগানদের বড় স্কোরের পথ দেখান জাদরান—৫৬ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

অন্যদিকে রসুলীও তাকে দারুণ সঙ্গ দেন। ৫৯ বলে ৮৪ রান করেন তিনি—৮টি চার ও ২টি ছক্কায় সাজানো ইনিংস। গুরবাজ রান আউট হন রানের খাতা খোলার আগেই, আর আতাল মাত্র ২ রান করে ফিরে যান।

১৮২ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল একদম নড়বড়ে। প্রথম ওভারেই অধিনায়ক ব্রেন্ডন কিংকে ফিরিয়ে দেন মুজিব উর রহমান। পাওয়ারপ্লের মধ্যেই আরও দুই উইকেট হারায় ক্যারিবীয়রা। জনসন চার্লস ২৭ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও তাকেও এলবিডব্লিউ করে দেন মুজিব।

নিয়মিত উইকেট হারাতে থাকায় রান তোলার চাপ বাড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের ওপর। মাঝের দিকে কোয়েন্টিন স্যাম্পসন (৩০) ও ম্যাথু ফোর্ডে (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষদিকে মোতি ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচে একটু উত্তেজনা ফেরান। কিন্তু শেষ পর্যন্ত বড় হারের মুখ দেখতে হয় ক্যারিবীয়দের। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান করে তারা। ফলে ৩৮ রানের দাপুটে জয় পায় আফগানিস্তান।
রশিদ খান ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন, মুজিব নেন ২টি, আর জিয়াউর রহমান ৩ উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের ইনিংস ভেঙে দেন। আফগানিস্তানের এই জয়ে সিরিজে এখন তারাই এগিয়ে গেলো!

 

Walton Ads