এল আর বাদল: দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাসী পারফরম্যান্স ধরে রেখে আরও এক ধাপ এগোল লাল-সবুজের মেয়েরা। নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে নিগার সুলতানার দল। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই শুরু থেকেই নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে টাইগ্রেসরা।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান।

ইনিংসের শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেন সোবহানা মোস্তারি।

শুরুতে ভালো ভিত গড়ে দেন ওপেনার দিলারা আক্তার, তার ব্যাট থেকে আসে ৩৫ রান। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেরা পারফরমার শারমিন আক্তার সুপ্তাও ধারাবাহিকতা ধরে রেখে যোগ করেন ২৮ রান। সবার সম্মিলিত ব্যাটিং প্রচেষ্টায় লড়াই করার মতো শক্ত পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলেও লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৩৮ রান। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তিনটি রানআউট বড় ধাক্কা হয়ে দাঁড়ায়, যা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে তুলে দেয়।

বোলিংয়ে দায়িত্ব ভাগাভাগি করে নেন বাংলাদেশের মেয়েরা। সুলতানা খাতুন ছাড়া বাকি ছয় বোলার প্রত্যেকে একটি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখেন পুরো ইনিংসজুড়ে। এই জয়ে গ্রুপ ‘এ’-তে অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ। বাছাইপর্বে পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

 

Walton Ads