স্পোর্টস ডেস্ক: আজ রাতেই চ্যাম্পিয়ন্স লিগের ৭ম রাউন্ডের ম্যাচগুলো শুরু হচ্ছে। সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হবে আর্সেনাল বনাম ইন্টার মিলানের মহারণ। একই সময়ে অন্য ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ-মোনাকো আর পিএসজি-স্পোর্টিং লিসবন। আর রাত পৌনে ১২টায় ম্যান সিটি খেলবে গ্লিমটের বিপক্ষে।

আর্সেনাল এখনো ৬ ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের একদম শীর্ষে। আর্তেতার দলের ফর্ম দারুণ, বিশেষ করে রক্ষণভাগ এখন বিশ্বের সেরাদের মধ্যে একটা। তবে ইনজুরির কারণে ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি এখনো মাঠের বাইরে। ভালো খবর হলো—বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস আর মার্টিন ওডেগার্ড ফিট হয়ে স্কোয়াডে ফিরেছেন।

ইন্টার মিলানও কিন্তু কম যায় না। ঘরের মাঠ সান সিরোতে তারা সবসময় ভয়ঙ্কর। কাউন্টার অ্যাটাকের ওপর ভর করে খেলে ইতালিয়ান ক্লাবটি। লাউতারো মার্টিনেজ আর মার্কাস থুরামের জুটি হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে ইনজুরিতে হাকান চানালুলু ও ডেনজেল ডামফ্রিস খেলতে পারবেন না। আর্সেনালের সঙ্গে অতীতে ৪ বার মুখোমুখি হয়েছে দুই দল—দুজনেরই ২ করে জয়।

রিয়াল মাদ্রিদ ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে। রাতে তারা খেলবে এএস মোনাকোর বিপক্ষে। শক্তির বিচারে ফেভারিট রিয়ালই। কিন্তু সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। শাবি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে হার দিয়ে শুরু হয়েছে রিয়ালের অভিযান। মোনাকো ম্যাচে শুধু জয় নয়—সেরা ছন্দ ফিরিয়ে আনার চ্যালেঞ্জ রিয়ালের সামনে।

ইনজুরির কারণে এই ম্যাচে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এদের মিলিতাও, ফারল্যান্ড মেন্ডি পাবে না রিয়াল। কার্ডের কারণে আলভারো ক্যারেরাসও খেলতে পারবেন না। জাতীয় দলের ব্যস্ততায় ব্রাহিম দিয়াজও অনুপস্থিত।
চ্যাম্পিয়ন পিএসজি রাতে খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। লুইস এনরিকের দল ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে। এই ম্যাচে হট ফেভারিট প্যারিসের ক্লাবটি। ভালো খবর—আশরাফ হাকিমি ও লুকাস হার্নান্দেজ ফিট হয়ে ফিরছেন।
রাতটা ফুটবলপ্রেমীদের জন্য সত্যিই রোমাঞ্চকর হতে চলেছে!

 

Walton Ads