আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশের পথটা হঠাৎ করেই কঠিন হয়ে গেছে। বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে জুনিয়র টাইগারদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপের সমীকরণ এখন জটিল।

এই পরিস্থিতিতে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি হয়ে উঠেছে কার্যত নকআউট। আগামী ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। হার বা ড্র মানেই বিশ্বকাপ থেকে বিদায়।

কুইন্স স্পোর্টস ক্লাবে টানা বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত ৫০ ওভার থেকে কমিয়ে ৪৭ ওভারে নামানো হয়। তবে মাঠে খেলা সম্ভব হয়েছে মাত্র ১০ ওভার। ওই সময় নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে তোলে ৫১ রান। এরপর আবার বৃষ্টি নামলে শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নেয়।

এর আগে ১৭ জানুয়ারি একই মাঠে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হার মানতে হয় জুনিয়র টাইগারদের। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন মাত্র এক।

গ্রুপ বি-তে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। এই গ্রুপ থেকে তিনটি দল উঠবে সুপার সিক্সে। ভারত ইতোমধ্যেই সুপার সিক্স নিশ্চিত করেছে। তারা ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে।

বাংলাদেশের সামনে এখন আর কোনো হিসাব নেই—যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই। জিততে পারলেই সুপার সিক্সের টিকিট, নইলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে যাবে সেখানেই।

 

news