আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে এখনো ‘অলৌকিক কিছু’ হওয়ার আশাই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরও আশাহত নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তার বিশ্বাস, শেষ পর্যন্ত আইসিসি মন বদলাতে পারে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে পারে।

আমিনুল ইসলাম বলেন, “আমি আইসিসির কাছ থেকে এখনো কোনো অলৌকিক কিছুর আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কিছু বলার অবস্থায় নেই। মিটিংটি দেড় ঘণ্টার বেশি সময় চলেছে। ভোট শুরু হওয়ার আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। আমরা ভোটাভুটিতে যেতে চাইনি, তাই সেখান থেকে সরে দাঁড়িয়েছিলাম।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে চায়, বাংলাদেশ সরকারও চায় আমরা বিশ্বকাপে খেলি। কিন্তু আমরা মনে করি না, ভারত আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ। তাই আমরা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। এমনকি আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ বদলের কথাও বলেছিলাম, যেটা সবচেয়ে সহজ সমাধান হতে পারত। কিন্তু শ্রীলঙ্কা জানিয়েছে, তারা তাদের গ্রুপে নতুন কোনো দল নিতে চায় না।”

বিসিবি সভাপতির ভাষ্য, ভোটের পর তিনি আইসিসিকে অনুরোধ করেছেন সরকারকে জানানোর জন্য শেষ একটি সুযোগ দিতে। “আমি ভোটের পর বলেছিলাম, আমার সরকারকে বিষয়টি জানানোর জন্য একটু সময় দরকার। আইসিসি এটাকে যৌক্তিক বলে মনে করেছে এবং আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে,” বলেন তিনি।

আমিনুল ইসলাম আরও জানান, সরকারকে চাপ দেওয়ার কোনো ইচ্ছা বিসিবির নেই। “আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই আমরা অনড়। আইসিসি আমাদের না বলেছে—তা জানি। তবুও আমরা সরকারের সঙ্গে আরেক দফা কথা বলব এবং সরকারের মতামত আইসিসিকে জানাব। সরকার কোনো সিদ্ধান্ত নিলে শুধু খেলোয়াড় নয়, সব দিক বিবেচনা করেই নেয়,” যোগ করেন তিনি।

 

Walton Ads