বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল মানেই বাড়তি উত্তেজনা। টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে আগেই। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের দুই ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বিপিএলের ট্রফি। টুর্নামেন্টের মাঝপথে দুবাই থেকে আসা ২৫ লাখ টাকা মূল্যের এই ট্রফি ঘিরে আগ্রহের শেষ নেই।

তবে ফাইনালের আগে দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য জায়গায়। বৃহস্পতিবার নিশ্চিত হয়েছে, বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না। বিষয়টি দেশের ক্রিকেটে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। এর মধ্যেই আজ মাঠে নামছে বিপিএলের দুই ফাইনালিস্ট—নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স এবং শেখ মেহেদী হাসানের চট্টগ্রাম রয়্যালস।

টুর্নামেন্ট শুরুর আগের দিনও চট্টগ্রামের ফাইনালে ওঠা ছিল কল্পনার মতো। বিপিএল শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে মালিকপক্ষ সরে দাঁড়ানোয় দল পড়ে যায় চরম অনিশ্চয়তায়। পরে টুর্নামেন্টের স্বার্থে বিসিবিই সরাসরি চট্টগ্রামের দায়িত্ব নেয়। যে দলটি শুরুতে ছিল টালমাটাল, তারাই শেষ পর্যন্ত প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটে নেয়।

বিসিবির তত্ত্বাবধানে টিম ডিরেক্টর হাবিবুল বাশার, ম্যানেজার নাফিস ইকবাল ও কোচ মিজানুর রহমানের পরিকল্পনায় দুর্দান্ত ক্রিকেট খেলেছে চট্টগ্রাম। ফাইনালের আগের দিন অধিনায়ক শেখ মেহেদী হাসান স্পষ্ট করে বলেন, ‘ফাইনালে উঠেছি যখন, তখন শিরোপার স্বপ্ন তো দেখতেই হবে। তবে যে দল সব বিভাগে ভালো খেলবে, তারাই জিতবে। প্রত্যেক ক্রিকেটারের ভেতরই শিরোপার ক্ষুধা আছে। দেখা যাক, কী হয়।’

লিগপর্বে রাজশাহী ও চট্টগ্রাম একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছে। কোয়ালিফায়ারে জিতে অবশ্য এগিয়ে যায় চট্টগ্রাম। তবে ফাইনাল মানেই নতুন হিসাব। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন চট্টগ্রাম অধিনায়ক।

অন্যদিকে রাজশাহীর কোচ হান্নান সরকার বিশ্বাস করেন, দল হিসেবে পারফর্ম করতে পারলে শিরোপা জেতা সম্ভব। তাঁর ভাষায়, ‘মিরপুরে টস জিতলেই ম্যাচ জেতা যায়—এমন নয়। আমরা টস হারিয়েও ম্যাচ জিতেছি। আর মাত্র এক ধাপ বাকি। দল এক হয়ে খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

সব মিলিয়ে আজ মিরপুরে অপেক্ষা করছে হাইভোল্টেজ ফাইনাল, যেখানে অনিশ্চয়তা, স্বপ্ন আর লড়াই মিলিয়ে নতুন চ্যাম্পিয়নের জন্ম দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

 

Walton Ads