অনেক নাটকীয়তার পর গত বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেয়—ভারতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে। তবে সেই সিদ্ধান্তের পরও নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না—এই সিদ্ধান্তেই অনড় রয়েছে তারা।
এবার সেই অবস্থান আরও একবার আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। একটি ই-মেইলের মাধ্যমে আগের বক্তব্য পুনর্ব্যক্ত করার পাশাপাশি যোগ করা হয়েছে নতুন দাবি।
বিসিবির পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, ভেন্যু পরিবর্তন সংক্রান্ত এই বিতর্ক যেন সংস্থাটির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। কোনো ইস্যু নিয়ে জটিলতা তৈরি হলে আইসিসির স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে।
এর আগের দিন ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি সাফ জানিয়ে দেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই।’
বুধবার বাংলাদেশকে ভারতে খেলতে নির্দেশ দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আইসিসি নীরব রয়েছে। এরপর থেকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে নতুন করে কোনো বক্তব্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সবগুলো ম্যাচই নির্ধারিত রয়েছে ভারতে। সূচি অনুযায়ী প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও এখনো সেই সূচিতে কোনো পরিবর্তন আসেনি।
অন্যদিকে বাংলাদেশও নিজেদের সিদ্ধান্তে অটল। ফলে সবকিছু ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।