আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা চূড়ান্ত দল ঘোষণা করেছে, তবে তা নিয়ে আছে ইনজুরির ছায়া। আগে থেকে ঘোষিত দল থেকে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাদ পড়ায় শেষ মুহূর্তে পরিবর্তন আনতে হয়েছে। টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরার জায়গায় দলে ফিরেছেন রায়ান রিকেলটন। এছাড়াও লিস্টে যোগ হয়েছেন ট্রিস্টান স্টাবস। তবে এখনও উদ্বেগ ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডির ফিটনেস নিয়ে।

দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের চূড়ান্ত দল হল:
এইডেন মার্করাম (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, মার্কো জেনসেন, জর্জ লিন্ডে, কেশাভ মহারাজ, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, জেসন স্মিথ ও ট্রিস্টান স্টাবস।

দলের সবচেয়ে বড় চিন্তা এখন কয়েকজন মূল খেলোয়াড়ের ফিটনেস।

ডেভিড মিলার: গত সোমবার এসএ২০ লিগে কুঁচকিতে চোট পেয়েছেন। তার বয়স ৩৬ হওয়ায় দ্রুত সেরে ওঠা কঠিন হতে পারে। তার অবস্থা নজরদারিতে।

লুঙ্গি এনগিডি: এসএ২০-এর একটি ম্যাচে পায়ে ব্যান্ডেজ নিয়ে মাঠ ছাড়েন। আশা করা হচ্ছে, বিশ্বকাপ শুরুর আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।

ডেওয়াল্ড ব্রেভিস: কোয়ালিফায়ারে ৩৮ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেললেও আঙুলে চোট পেয়েছেন। তবে তিনি সময়মতো সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ডেভিড মিলার যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে তার বিকল্প হিসেবে দৃষ্টি রয়েছে ইস্টার্ন কেপের ব্যাটার রুবিন হারম্যানের দিকে। এসএ২০-তে ৮ ইনিংসে ২০৫ রান করা এই তরুণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দলে ডাক পেতে পারেন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দল ঘোষণার সাথে সাথে সতর্ক করে দিয়েছে যে, ইনজুরির অবস্থার উপর ভিত্তি করে বিশ্বকাপ শুরুর আগে দলে আরও পরিবর্তন আসতে পারে। এখন ক্রিকেটভক্তদের অপেক্ষা, শেষ মুহূর্তে এই তারকারা সুস্থ হয়ে পুরোদমে বিশ্বকাপে নামতে পারবেন কিনা।

 

Walton Ads