বাংলাদেশের সমর্থনে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে। তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আগামীকাল শুক্রবার বা সোমবার। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারে, তবে ভারতের সঙ্গে ম্যাচ বর্জন করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান ফাইনাল সিদ্ধান্ত নেবে ১০ ফেব্রুয়ারি বা তার পরের দিন। পাকিস্তানের প্রথম দুটি ম্যাচ হবে যথাক্রমে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস এবং ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

যদি প্রথম দুটি ম্যাচ জিতে পাকিস্তান সুপার এইট নিশ্চিত করে, তাহলে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সম্ভাবনা দেখা দেবে।

পাকিস্তান কি সত্যিই ভারত ম্যাচ বর্জন করবে বা পুরো বিশ্বকাপ ছাড়বে? এই প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের গণমাধ্যম ‘হাম নিউজ’-এর সিনিয়র সাংবাদিক মুজাম্মিল সোহরাওয়ার্দীকে।

হোয়াটসঅ্যাপে তিনি বলেন, “জনসাধারণের ধারণা, পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে না। এমন সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।”

মুজাম্মিলের মতে, পাক-ভারত ম্যাচ থেকে সম্প্রচারকারীরা প্রায় ৬২ শতাংশ আয় করে। এই ম্যাচ বর্জন করলে তাদের ক্ষতি হতে পারে প্রায় এক বিলিয়ন ডলার, যা আইসিসির জন্য বড় ধাক্কা।

কিন্তু বিশ্বকাপ না খেললে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রায় ৩১৬ কোটি রুপি রাজস্ব হারাবে।

মুজাম্মিল জানান, “সেই ক্ষতিপূরণ সরকার পিসিবিকে দেবে।”

ওয়াসিম আকরামসহ বেশিরভাগ সাবেক পাকিস্তানি ক্রিকেটার কি বিশ্বকাপ খেলার পক্ষে? এ প্রশ্নে তিনি বলেন, “ওরা তো ধারাভাষ্য দিয়ে টাকা আয় করে। তাই তারা অবশ্যই খেলবে।”

 

Walton Ads