শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা ছয়টি ম্যাচ জিতে নেয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ১৯১ রানের বড় সংগ্রহ। ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন, আর জোয়াইরিয়া ফেরদৌস খেলেন সমানভাবে ২২ রানের ইনিংস। তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন।

এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। দুজনের ১০০ রানের জুটি গড়ে বড় স্কোরের ভিত্তি তৈরি হয়। ঝোড়ো ব্যাটিং করেও অল্পের জন্য ফিফটি মিস করেন সোবহানা—২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন। অন্যদিকে অধিনায়ক জ্যোতি খেলেন ৩৫ বলে অপরাজিত ৫৬ রান, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে কখনোই ম্যাচে ফেরার সুযোগ পায়নি স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের দাপটে ৩৫ রানেই ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে স্কটিশরা ৯ উইকেটে ১০১ রান পর্যন্ত পৌঁছায়।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩টি উইকেট নেন, আর স্বর্ণা আক্তার শিকার করেন ১৩ রানে ২টি উইকেট। ব্যাটিং ও বোলিং—উভয় দিকেই দাপট দেখিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ।

এর আগে টানা পাঁচ জয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।

 

Walton Ads