নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল—এমনই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি। প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে তাদের উদ্বেগ ও আপত্তির কথা জানিয়ে দিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমে এই খবর প্রকাশের পরপরই এবার একই ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করল অস্ট্রেলিয়া। ভারতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নিপা ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার।

তিনি বলেন, “নিপা ভাইরাস নিয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”

শুক্রবার দেওয়া এক বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানান, গত ডিসেম্বর ভারতে শুরু হওয়া নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে অস্ট্রেলিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

নাইন নেটওয়ার্ক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এরপরও অস্ট্রেলিয়া বিষয়টি খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

তার ভাষায়, “এটি অত্যন্ত গুরুতর একটি ভাইরাস। তাই আমরা একে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না।”

অস্ট্রেলিয়া আরও জানিয়েছে, এই মুহূর্তে ভারত ফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরে বাড়তি কড়াকড়ি আরোপের প্রয়োজন নেই। যদিও এশিয়ার কয়েকটি দেশে ইতোমধ্যে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং শুরু হয়েছে। বাটলার বলেন, অস্ট্রেলিয়া পুরো পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, “অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের বিদ্যমান প্রোটোকল পরিবর্তনের কোনো পরামর্শ আপাতত নেই। প্রয়োজনীয় নির্দেশনা আগে থেকেই রয়েছে। তবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।” একই সঙ্গে তিনি আশাবাদ প্রকাশ করেন, সময়ের সঙ্গে সঙ্গে এই ভাইরাস নিয়ন্ত্রণে আসবে।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বড় দল যদি ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভেন্যু পরিবর্তন। মাত্র কিছুদিন আগেই ভেন্যু পরিবর্তন সম্ভব নয় জানিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছিল আইসিসি।

বাংলাদেশ তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের বিপক্ষে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, তখন আর ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের পর এখন জোরালোভাবে উঠছে প্রশ্ন—শেষ পর্যন্ত বিশ্বকাপের সব ম্যাচ কি শ্রীলঙ্কাতেই আয়োজন করতে হবে?

 

Walton Ads