দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। শনিবার (৩১ জানুয়ারি) টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত এই আসরে অংশ নেবে তিনটি দল, যেখানে মুখোমুখি হবেন বর্তমান সময়ের সেরা তারকা ক্রিকেটাররা।
এই টুর্নামেন্টে খেলবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ—এই তিন দল।
ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের আরেক তারকা ব্যাটার ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। আর দুরন্ত একাদশের দায়িত্বে থাকছেন আকবর আলী।
প্রতিটি দলের জন্য আলাদা কোচিং প্যানেল গঠন করেছে বিসিবি। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ থাকবেন মোহাম্মদ আশরাফুল।
দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ হিসেবে আছেন তুষার ইমরান। দুরন্ত একাদশের কোচিং প্যানেলে রয়েছেন প্রধান কোচ হান্নান সরকার ও সহকারী কোচ রাজিন সালেহ আলম।
এবারের আসরে নতুন সংযোজন হিসেবে থাকছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম, যা ম্যাচের কৌশলগত দিককে আরও রোমাঞ্চকর করে তুলবে বলে আশা করছে বিসিবি।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ম্যাচগুলো মাঠে গড়াবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।
দর্শকদের বাড়তি বিনোদনের জন্য প্রতিদিন ম্যাচের আগে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, আর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ম্যাচ।
এই টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য ও খেলোয়াড়দের পারিশ্রমিক মিলিয়ে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।
গ্যালারি ভেদে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্রিকেটের সঙ্গে সংগীত ও বিনোদনের মেলবন্ধনে এই টুর্নামেন্ট দর্শকদের জন্য হবে একেবারে ভিন্ন অভিজ্ঞতা। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই জমজমাট আসর উপভোগ করতে ভক্তদের মাঠে আসার আহ্বান জানিয়েছে বিসিবি।
