আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। তবে আজই সেই অনিশ্চয়তার অবসান ঘটতে পারে। বিশ্বকাপে না খেললে বিকল্প হিসেবে নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার সন্ধ্যা ৬টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। বৈঠকের পরই জানা যাবে পাকিস্তান কি বিশ্বকাপে অংশগ্রহণ করবে নাকি বিকল্প টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে।
পূর্বে বিশ্বকাপ সংক্রান্ত অনিশ্চয়তার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত রেখেছিল। মূলত এই বৈঠকের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা মাথায় রেখে পিসিবি ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনা তৈরি করেছে। যদি পাকিস্তান কোনো কারণে বিশ্বকাপে না অংশগ্রহণ করে, তাহলে লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই টুর্নামেন্টে খেলবে দ্য পাকিস্তান, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দল এবং আরও একটি দল। জাতীয় দলের ক্রিকেটারদের এই দলগুলিতে ভাগ করে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ না খেলার অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, বিশ্বকাপ ইস্যুতে শুক্রবার অথবা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় আজই পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
