স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে চালু করা হয়েছে নিলামভিত্তিক মডেল। নতুন এই নিয়মে নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন ক্রিকেটার ধরে রাখতে পারবে, যেখানে আগের মৌসুমে এই সংখ্যা ছিল আটজন পর্যন্ত।

নতুন নিয়ম কার্যকর হতেই একে একে নিজেদের রিটেইন করা ক্রিকেটারদের নাম প্রকাশ করতে শুরু করেছে পিএসএলের দলগুলো। এরই মধ্যে সবচেয়ে বড় চমক দিয়েছে লাহোর কালান্দার্স।

নিলামের আগে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে ছেড়ে দিয়েছে লাহোর। আগের আসরে মাত্র ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দারুণ আলোচনায় ছিলেন রিশাদ। তবে তার পাশাপাশি আরও বেশ কয়েকজন পরিচিত মুখের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তালিকায় রয়েছেন ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো তারকা ক্রিকেটাররা।

এদিকে পিএসএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে। হাসান আলীকে প্লাটিনাম, আব্বাস আফ্রিদিকে ডায়মন্ড, খুশদিল শাহকে গোল্ড এবং সাদ বেগকে ইমার্জিং ক্যাটাগরিতে রিটেইন করেছে দলটি। তবে শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানির মতো পরিচিত ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে করাচি।

কোয়েটা গ্লাডিয়েটর্স তাদের রিটেইন তালিকায় রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে। অন্যদিকে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে আর পথ চলছে না দলটির।

এবারের পিএসএলে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স। অভিষেক মৌসুমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দলটি। নিলামের বাইরে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে শিয়ালকোট।

 

news