আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ পড়ার হতাশা এবার দারুণভাবে পুষিয়ে নিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে অবজ্ঞার শিকার হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেলেন রাজকীয় সম্মান। নিলামের অপেক্ষা না করেই বাংলাদেশের তারকা পেসারকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে লাহোর কালান্দার্স। এর মধ্য দিয়ে পুরোনো ঠিকানায়ই ফিরলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ।
লাহোর কালান্দার্সের সঙ্গে মুস্তাফিজের এই চুক্তির আর্থিক মূল্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি। এর আগেও ২০১৬ ও ২০১৮ সালে লাহোরের জার্সিতে খেলেছেন তিনি এবং পারফরম্যান্সে রেখে গেছেন নিজের ছাপ।
লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে,
‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, তিনি এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন তিনি।’
পিএসএলের অফিসিয়াল পেজেও মুস্তাফিজকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে,
‘মুস্তাফিজুর রহমান, পিএসএলের নতুন যুগে স্বাগতম।’
আইপিএলের আসন্ন আসরে কলকাতার হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে স্কোয়াড থেকে বাদ দেয়। মূলত ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর চাপের মুখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায়। আইপিএল থেকে বাদ পড়ার পরই ৩০ বছর বয়সী এই পেসার পিএসএলের নিলামে নাম লেখান। তবে অভিজ্ঞ এই বোলারকে পেতে নিলামে কাড়াকাড়ির আশঙ্কায় লাহোর কালান্দার্স তাকে সরাসরি চুক্তিতে নিশ্চিত করে।
২০১৮ সালে লাহোরের হয়ে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়ে নজর কাড়েন মুস্তাফিজ। তার সাম্প্রতিক ফর্ম ও আন্তর্জাতিক অভিজ্ঞতাই তাকে লাহোরের জন্য ‘অটো চয়েস’ বানিয়েছে।
লাহোর কালান্দার্স রিটেনশন নিয়মে ধরে রেখেছে অধিনায়ক শহিদ আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে দলগুলো চূড়ান্ত স্কোয়াড গঠন করবে। আর ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের পিএসএল।
এদিকে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নতুন মোড় নিয়েছে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায়, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।
