চলতি মাসের ১৫ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল এক ব্লকবাস্টার ম্যাচে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কলম্বোয় অনুষ্ঠেয় সেই ম্যাচ বর্জনের সিদ্ধান্তকে "যথাযথ" বলে মন্তব্য করেছেন। রোববার পাকিস্তান সরকার বিশ্বকাপের জন্য দলের শ্রীলঙ্কা সফর অনুমোদন দিলেও, গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার ঘোষণা দেয়। ফলে টুর্নামেন্ট তার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হারাতে বসেছে।

এই সংকটের মধ্যেই 'মিস্টার ক্রিকেট ইউএই' পডকাস্টে অস্ট্রেলিয়ার লিজেন্ড ফাস্ট বোলার ব্রেট লি নিজের মতামত দিলেন। তিনি বললেন, "চলুন রাজনীতিকে ক্রিকেটের বাইরে রাখি। আমি সত্যিই চাই এই ম্যাচটি হোক। আশা করি তারা সুযোগটা পাবে, কারণ এটি হবে অসাধারণ রোমাঞ্চকর। ভারত-পাকিস্তান ম্যাচ হলে পুরো বিশ্বই চোখ রাখে সেখানে।"

২০১২ সালে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করা এই অসি পেসার স্পষ্ট মনে করেন, এই ম্যাচ শুধু দুই দেশের নয়, বরং সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্যই এক বিশাল আকর্ষণ।

মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার পুরো টুর্নামেন্টকেই প্রভাবিত করছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারত যাওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ। ফলে তাদের বদলে টুর্নামেন্টে জায়গা পায় স্কটল্যান্ড। যদিও আইসিসি এসব উদ্বেগকে গুরুত্ব দেয়নি।

একইসাথে, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানালে, আইসিসি তাও প্রত্যাখ্যান করে। কারণ শেষ মুহূর্তে এত বড় সূচি পরিবর্তন করা বাস্তবসম্মত নয় বলে মনে করে সংস্থাটি।

যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিস্তারিত কারণ ব্যাখ্যা করেনি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ।

 

news