নতুন টুর্নামেন্ট অদম্য টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ধুমকেতু একাদশ। তারা লিটন কুমার দাসের দল দুরন্তকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে।
আগে ব্যাট করে দুরন্ত ১৪৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ধুমকেতু।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন লিটন। প্রথমে ব্যাট করতে নেমে দুরন্তকে দারুণ শুরু এনে দেন জিসান আলম ও মাহফিজুল ইসলাম রবিন। দুজনেই শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করেন। তবে ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি জিসান। ৬ বলে ১টি করে ছক্কা ও চারে ১৪ রান করে ফিরেন এই তরুণ ব্যাটার।
দুরন্তর হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন রবিন। তবে বল খেলেন ৩৬টি। কোনো ছক্কা মারতে না পারলেও ৬টি বাউন্ডারি মারেন। তিন ও চারে নামা আজিজুল হাকিম তামিম ও আরিফুল ইসলাম টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ২১ বলে ১৬ রান করেন তামিম, আর আরিফুলের ব্যাট থেকে আসে মাত্র ৪ বলে ২ রান।
মাহিদুল ইসলাম অঙ্কনও তেমন কিছু করতে পারেননি। তবে অধিনায়ক আকবর আলীর ১০ বলে ১৮ ও এসএম মেহরবের ১৫ রানের কল্যাণে লড়াকু সংগ্রহ পায় দুরন্ত।
ধুমকেতুর হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে ধুমকেতু একাদশ। ২.৫ ওভারে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে বড় ইনিংস খেলতে পারেননি তামিম। ৮ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান করে ফিরেন।
এরপর তিনে নামা লিটন দাসকে সাথে নিয়ে পাল্টা আক্রমণ চালান সাইফ হাসান। দুজনেই ফিফটির দেখা পান। ৩০ বলে ৫০ রান করে ফিরেন সাইফ। তবে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন লিটন। ধুমকেতু অধিনায়ক অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৫ রান করে। দুরন্তর হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন এসএম মেহরব হোসেন অহিন।
