আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের স্টার পেসার মুস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এই খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লাহোর কালান্দার্সের সঙ্গে সরাসরি চুক্তিতে আবদ্ধ হয়েছেন মুস্তাফিজ। তাঁকে দলে ভেড়াতে পাকিস্তানি ৬.৪৪ কোটি রুপি খরচ করেছে দলটি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।

মুস্তাফিজকে স্বাগত জানিয়ে দলটির আনুষ্ঠানিক পেজে লেখা হয়েছে, "ফিজ! আমাদের বাংলাদেশি ভাই, মুস্তাফিজুর রহমান। ২০১৬ ও ২০১৮ সালে আপনি এই দলে ছিলেন, এবার আবার ফিরে আসছেন সরাসরি চুক্তিতে। অবশেষে আপনি পরিবারে ফিরে এলেন। একবার কালান্দার, সর্বদাই কালান্দার!"

মুস্তাফিজকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। তিনি সরাসরি বলেছেন, "মুস্তাফিজুর রহমান, আমি তোমাকে ভালোবাসি। পাকিস্তানে, লাহোর কালান্দার্সে তোমাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

সামিন রানা আরও যোগ করেন, "মুস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নন, তিনি আমাদের ভাই। তিনি আমাদের পরিবারের অংশ, যিনি কখনোই আমাদের ছেড়ে যাননি। তাঁকে আবার ড্রেসিং রুমে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত। তাঁর অভিজ্ঞতা, অসাধারণ দক্ষতা এবং খেলার প্রতি নিষ্ঠা আমাদের এই আসরে শিরোপা জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।"

মুস্তাফিজুর রহমানের আগেই লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম।

উল্লেখ্য, পিএসএলের এগারোতম আসর শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে। তবে তার আগে, ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম।

 

news