ক্রিকেট দুনিয়ায় অবিশ্বাস্য এক অধ্যায় লিখলেন বৈভব সূর্যবংশী। তাও আবার নিজেরই রেকর্ড ভেঙে। ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে ভয়ংকর রূপে হাজির হয়ে রেকর্ড বইয়ের একের পর এক পাতা উল্টে দিলেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। যুব ওয়ানডে ক্রিকেটে ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার পাশাপাশি গড়েছেন একগুচ্ছ নতুন রেকর্ড।
শুক্রবার হারারেতে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। এতে ভেঙে যায় যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের সমীর মিনহাসের করা ১৭২ রানের রেকর্ড।
এই ইনিংস শুধু যুব ক্রিকেটেই নয়, আইসিসির যেকোনো টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৯ বা সিনিয়র) ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ হিসেবেও নতুন ইতিহাস গড়েছে। এতদিন এই রেকর্ডটি ছিল ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির করা ১৭০ রান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটিই এখন কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ স্কোর। আগে এই কীর্তি ছিল রাজ বাওয়ারের, যিনি ২০২২ আসরে উগান্ডার বিপক্ষে অপরাজিত ১৬২ রান করেছিলেন। একই সঙ্গে যুব ওয়ানডেতে ভারতের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তালিকার শীর্ষে এখনও আছেন আম্বাতি রাইডু, যিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানে অপরাজিত ছিলেন।
রেকর্ডের পর রেকর্ড গড়া এই ইনিংসে সূর্যবংশী হাঁকান ১৫টি ছক্কা—যা যুব ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। এতে তিনি ভেঙে দেন গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেরই গড়া ১৪ ছক্কার রেকর্ড।
ছক্কার সঙ্গে চারও কম মারেননি সূর্যবংশী। ১৫টি চার ও ১৫টি ছক্কা মিলিয়ে শুধুমাত্র বাউন্ডারি থেকেই সংগ্রহ করেন ১৫০ রান। যুব ওয়ানডের ইতিহাসে আগে কোনো ব্যাটার বাউন্ডারি থেকে এত রান করতে পারেননি। আগের সর্বোচ্চ ছিল শ্রীলঙ্কার হাসিথা বয়াগোদার ১২৪ রান, ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে।
এক ইনিংসে সর্বোচ্চ ৩০টি বাউন্ডারি হাঁকানোর বয়াগোদার রেকর্ডেও ভাগ বসিয়েছেন মাত্র ১৪ বছর বয়সী সূর্যবংশী।
এদিন মাত্র ৭১ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি, যা যুব ওয়ানডে ইতিহাসে দ্রুততম। ভেঙে যায় আরব আমিরাতের বিপক্ষে নিজেরই গড়া ৮৪ বলের রেকর্ড। পাশাপাশি ৫৫ বলে করা তার সেঞ্চুরিটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এই তালিকায় শীর্ষে আছেন চলতি আসরেই জাপানের বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি হাঁকানো অস্ট্রেলিয়ার উইল ম্যালাকজুক।
যুব ওয়ানডেতে মাত্র ২৫ ইনিংসেই সূর্যবংশীর ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১১০টি। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের জাওয়াদ আবরার করেছেন ৫৫টি ছক্কা। এই ফরম্যাটে আর কোনো ব্যাটারেরই ৪০ ছক্কার ঘর ছোঁয়া হয়নি।
এই ঐতিহাসিক ইনিংসের সুবাদে যুব ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন সূর্যবংশী। তার মোট রান দাঁড়িয়েছে ১ হাজার ৪১২। এতদিন ১ হাজার ৪০৪ রান নিয়ে শীর্ষে ছিলেন বিজয় জোল।