টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগেই ভারতীয় দল পেল একটি বড় ধাক্কা। দলের গুরুত্বপূর্ণ পেস বোলার হর্ষিত রানা চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে তিনি এই চোট পান।

সেই ম্যাচ চলাকালেই হর্ষিতের অস্বস্তি স্পষ্ট হয়ে পড়ে। মাত্র এক ওভার বোলিং করে ১৬ রান দেওয়ার পর তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। দলের সূত্র থেকে জানা গেছে, তিনি 'জয়েন্ট টেন্ডারনেস' বা গাঁটের ব্যথায় ভুগছেন, যার কারণে তাকে দল থেকে বাদ দিতে হয়েছে।

ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচটি শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ঠিক তার আগ মুহূর্তে এই চোট দলকে চিন্তায় ফেলে দিয়েছে। দলনেতা সূর্যকুমার যাদব এই অবস্থা নিয়ে চিন্তিত। তিনি সাংবাদিকদের বলেন, "হর্ষিতকে ভালো দেখাচ্ছে না। আজই আমরা সবকিছু নিশ্চিতভাবে জানতে পারব।"

তিনি আরও যোগ করেন, "হর্ষিত যদি সত্যিই দল ছাড়তে হয়, তাহলে সেটা আমাদের জন্য বড় একটা ধাক্কা হবে। আমাদের নতুন করে প্ল্যান করতে হবে, নতুন কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। তবে আশার কথা হলো, আমাদের বেঞ্চে যথেষ্ট শক্তিশালী বিকল্প খেলোয়াড় রয়েছেন।"

বদলি খেলোয়াড় নিয়ে সম্ভাবনা কী জানতে চাইলে সূর্যকুমার বলেন, "সেটা দেখা যাক। এমন কোনো বাঁধা নিয়ম নেই যে তাকে বদলি করতে গেলে অবশ্যই একজন অল-রাউন্ডারকেই নিতে হবে। আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।"

হর্ষিত রানার এই চোটের আগ পর্যন্ত ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ছিলেন: সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিভাম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কু সিং। বিশেষজ্ঞদের ধারণা, হর্ষিতের বদলে দলে এখন ঢুকতে পারেন আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ।

এখন দেখা যাক, শেষ মুহূর্তের এই পরিবর্তনের ছাপ ভারতীয় দলের উপর কতটা পড়ে, এবং তারা কি তাদের বড় লক্ষ্য থেকে সটকে যাবে নাকি এই ধাক্কা সামলে উঠতে পারবে।

 

news