বাংলাদেশকে ছাড়া শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই বৈশ্বিক আসরের। ম্যাচের আগে ভারতের মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে উদ্বোধনী আয়োজন। শুরুতেই মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী ঋষভ শর্মা ও শিবামণি। তাদের পরিবেশনার পরেই দর্শকদের জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় চমক।

জেটপ্যাক পরা এক শিল্পীর মাধ্যমে আকাশপথে স্টেডিয়ামে প্রবেশ করবে ঝকঝকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। অভিনব এই মুহূর্তে পুরো স্টেডিয়াম জুড়ে তৈরি হবে আলাদা উত্তেজনা।

বিশ্বকাপ ট্রফিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ এবং ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। তাদের সঙ্গে থাকবে অংশগ্রহণকারী ২০ দেশের প্রতিনিধিত্ব করা ২০ জন শিশু। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনের।

এরপর শুরু হবে বিনোদনের মূল পর্ব। ভারতের জনপ্রিয় র‍্যাপ শিল্পী বাদশা লাইভ পারফরম্যান্সে দর্শকদের মাতাবেন। নাচের তালে তালে মঞ্চে ঝড় তুলবেন বলিউড তারকা নোরা ফাতেহী, যিনি দলীয় নৃত্য পরিবেশন করবেন। পুরো আয়োজনের শেষটা হবে চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে।

এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান উপভোগে যেন কোনো মুহূর্ত মিস না হয়, সে জন্য দর্শকদের আগেভাগেই স্টেডিয়ামে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।

T20 World Cup opening ceremony, T20 World Cup 2026, Wankhede Stadium opening, Pakistan vs Netherlands match, ICC T20 World Cup, World Cup

news