আল-আওয়াল পার্কে শুক্রবার রাতে সৌদি প্রো লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক আল নাসর দল আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান সেনেগালের তারকা সাদিও মানে। আর ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল দ্বিতীয় গোলটি করে ম্যাচ সিল করেন।

তবে এই জয়ের মধ্যেও বড় আলোচনার কেন্দ্রে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে প্রতিপক্ষ দলগুলো যখন নতুন নতুন তারকা দলে ভেড়াচ্ছিল, তখন আল নাসর কোন বড় নাম আনতে পারেনি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই নিস্ক্রিয়তায় রোনালদো বেশ অসন্তুষ্ট। একই কারণে গত সপ্তাহে আল রিয়াদের বিপক্ষে ম্যাচেও তিনি খেলেননি, যে ম্যাচটিও আল নাসর ১-০ গোলে জিতেছিল।

আজকের ম্যাচেও রিয়াদ ম্যাচের মতোই খেলার স্কোয়াডেই জায়গা পাননি সিআর৭। তাকে ছাড়াই অবশ্য আল নাসরের আক্রমণ বেশ সক্রিয় ছিল। পুরো ম্যাচে তারা ১৬ বার শট নেয়, যার মধ্যে ৫টি সরাসরি গোলপোস্টে আঘাত করে।

অন্যদিকে, লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর আবার হারল আল ইত্তিহাদ। দলের অন্যতম প্রধান তারকা কারিম বেনজেমা আল হিলালে চলে যাওয়ার পর তারা আক্রমণে একেবারেই দাঁড়াতে পারেনি। গতবারের চ্যাম্পিয়ন দলটি পুরো ম্যাচে মাত্র ৫টি শট নিতে পেরেছে, যার মধ্যে মাত্র ১টি ছিল টার্গেটে।

এই জয়ের মাধ্যমে লিগে টানা ছয় ম্যাচ জিতে নিয়েছে আল নাসর। এতে করে লিগ টেবিলে শীর্ষস্থানীয় আল হিলালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে এসেছে মাত্র ১ পয়েন্টে।

২০টি ম্যাচ খেলে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল নাসর। একই সংখ্যক ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল। অন্যদিকে, শিরোপা লড়াই থেকে প্রায় বাদ পড়ে যাওয়া আল ইত্তিহাদ ৩৪ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

 

Walton Ads