ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই টিকটিকি উত্তেজনা আর উন্মাদনা। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ নিয়ে তৈরি হয়েছে গুমোট অনিশ্চয়তা। পাকিস্তান সরকারের নির্দেশে ম্যাচ বর্জনের ঘোষণার পরিপ্রেক্ষিতে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ম্যাচটির টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু ম্যাচটি আদৌ হবে কিনা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ পাকিস্তান সরকার আগেই জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

এই অনিশ্চিত পরিস্থিতিতে আইসিসি অস্থায়ীভাবে ম্যাচটির সব ধরনের টিকিট বিক্রি স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, যদি পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং ম্যাচ খেলতে রাজি হয়, তাহলে আবার টিকিট বিক্রি শুরু করা হবে।

উল্লেখ্য, প্রথম দফায় টিকিট বিক্রি হওয়ার পর মুহূর্তের মধ্যেই সব কপি শেষ হয়ে গিয়েছিল। তখন থেকেই দ্বিতীয় দফার টিকিটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিশ্বজুড়ে অসংখ্য ক্রিকেট ভক্ত। এরই মধ্যে অনেক ভক্ত কলম্বোতে গিয়ে ম্যাচ দেখার জন্য হোটেল, বিমান টিকিট এমনকি ভিসার বুকিং পর্যন্ত সম্পন্ন করে ফেলেছেন। পাকিস্তান শেষ পর্যন্ত না খেললে এই বিপুল সংখ্যক ভক্তের আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে পাকিস্তানের ব্যাপারে এখনই কোন কঠোর সিদ্ধান্ত নিচ্ছে না আইসিসি। বরং, তাদেরকে যুক্তি দিয়ে মাঠে নামানোর জন্য পর্দার আড়ালে আলোচনা ও চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ও অর্থকরী এই ম্যাচটি আয়োজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই হচ্ছে আইসিসির বর্তমান কৌশল।

 

Walton Ads