স্পোর্টস ডেস্ক : এখন থেকেই বৈভব সূর্যবংশীকে ভারতের সিনিয়র দলে দেখার দাবি উঠেছে চারদিকে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত ইনিংসের পর সমর্থকদের চোখে ভবিষ্যতের তারকা হয়ে উঠেছেন বৈভব। অনেকেই মনে করছেন, এখনই বড়দের দলে সুযোগ দেওয়া উচিত। কিন্তু চাইলেও এখনই সেটা সম্ভব নয়—কারণ মাঝখানে রয়েছে আইসিসির কড়া নিয়ম।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও দেশের সিনিয়র দলে খেলতে হলে ক্রিকেটারের জন্য একটি ন্যূনতম বয়সসীমা মানতে হয়। সেই নিয়মে স্পষ্ট করে বলা আছে, অন্তত ১৫ বছর বয়স না হলে কোনও ক্রিকেটারকে সিনিয়র দলে খেলানো যাবে না। মূলত কিশোর ক্রিকেটারদের মানসিক ও শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই এই নীতি চালু করেছে আইসিসি। সেই নিয়মের ফাঁদেই আটকে যাচ্ছেন বৈভব।
২০১১ সালে জন্ম বৈভব সূর্যবংশীর। সেই হিসেবে বর্তমানে তার বয়স মাত্র ১৪ বছর। অর্থাৎ, আরও অন্তত এক বছর অপেক্ষা করতে হবে তাকে। তার আগে ভারতের সিনিয়র জার্সিতে মাঠে নামা সম্ভব নয়, সিদ্ধান্ত নিলেও।
তবে বয়স কম হলেও আলোচনায় একদম শীর্ষে বৈভব। মাত্র ১৪ বছরেই ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেও তার নাম ঘুরছে জোরেশোরে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাট থেকে আসে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস। সেই দাপটে ভারত তোলে বিশাল ৪১১ রান। পরে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। সেই ম্যাচের পর থেকেই বৈভবকে ঘিরে আগ্রহ যেন কয়েক গুণ বেড়ে গেছে।
