ভারতে খেলতে না যাওয়ার কারণে বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আইসিসি তা মানেনি। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের স্থলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

এই ঘটনার পরই বিষয়টি নতুন মোড় নেয়। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান ঘোষণা দেয় যে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই জটিল পরিস্থিতি নিয়ে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে গত কয়েক দিন ধরে কথা হচ্ছে। এই ধারাবাহিকতায়, আজ রোববার লাহোরে পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের সাথে একটি জরুরি বৈঠকে বসছে আইসিসি।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গতকাল শনিবার রাত একটায় লাহোরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৈঠকে বর্তমান সংকট এবং সাম্প্রতিক সব সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। বৈঠক শেষে আজ রোববার বিকেল নাগাদ তিনি ঢাকা ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

প্রথম থেকেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরানোর সিদ্ধান্তকে অন্যায় বলে আখ্যা দিয়ে আসছে পিসিবি। পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছিলেন। পরে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশের লক্ষ্যেই তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

ভারত-পাকিস্তান ম্যাচটি আইসিসি এবং সংশ্লিষ্ট সব পক্ষের জন্য বিশাল আর্থিক সুবিধা বয়ে আনে। তাই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি দ্রুত একটি সমাধান চাইছে। অনুমান করা হচ্ছে, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, তাহলে আইসিসির প্রায় ৬ হাজার কোটি রুপির মতো আর্থিক ক্ষতি হতে পারে। মূলত এই বিপুল অর্থের কারণেই আইসিসি যেকোনো মূল্যে এই ম্যাচটি মাঠে নামাতে চাইছে।

 

news