আরসিবির ভাগ্য এবার বদলে যেতে পারে! ২০২৫ সালে বিরাট কোহলির নেতৃত্বে আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৪ ও ২০২৬ সালে মেয়েদের আইপিএলও ঘরে তুলেছে তারা। এই সাফল্যের পর আরসিবির বিক্রি হওয়া এখন প্রায় নিশ্চিত। আর এই দল কিনতে আগ্রহী হয়ে উঠেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক আব্রাম গ্লেজার।

জানা গেছে, আরসিবি কেনার জন্য গ্লেজার ১.৮ বিলিয়ন ডলার বা প্রায় ১৮ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছেন। এই দরপত্র দেওয়া হয়েছে গ্লেজার পরিবারের মূল ব্যবসা ল্যান্সার ক্যাপিটালের নামে। সূত্রের খবর, জমা পড়া সব দরপত্রের মধ্যে গ্লেজারদের দেওয়া দামই সবচেয়ে বেশি।
আগ্রহী ক্রেতাদের মধ্য থেকে একটা সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায়ও রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এই কর্ণধারের সংস্থা।

গ্লেজার একাই আরসিবি কিনতে চান। কোনো ব্যক্তি বা অন্য সংস্থার সঙ্গে জোট বাঁধেননি। আইপিএলের এই দলের একক মালিকানা চান তিনি। এই কারণে তার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তার পক্ষে যেতে পারে। সেক্ষেত্রে আরসিবি এক মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠতে পারে। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০ লিগের দল ‘ডেজার্ট ভাইপার’-এর মালিকও তিনি।

 

news