স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তুলেছিলেন, সেই তদন্তের প্রতিবেদন এখন বিসিবির হাতে এসেছে। কিন্তু এই রিপোর্ট নিয়ে একদম খুশি নন জাহানারা। তার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি এক বিবৃতিতে এই অসন্তোষের কথা জানিয়েছে।
জাহানারার আইনজীবীরা বলছেন, অভিযোগকারী হিসেবে তার তদন্তের ফলাফল জানার পুরো অধিকার আছে। কিন্তু বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। শুধু তাই নয়, প্রতিবেদনের কোনো কপিও দেওয়া হয়নি তাকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ আর গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এমন গোপনীয়তা খুবই হতাশাজনক। তদন্ত শেষ হওয়ায় জাহানারা আলম একটু স্বস্তি পেলেও স্বচ্ছতার অভাবে তিনি হতাশ।
এদিকে গত ৪ ফেব্রুয়ারি বিসিবি জানিয়েছিল, জাহানারা আলমের অভিযোগ নিয়ে গঠিত স্বাধীন কমিটির রিপোর্ট তারা পেয়েছে। চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়নি। বাকি দুটিতে প্রাথমিক প্রমাণ মিলেছে।
জাহানারার আইনজীবীরা আরও জানান, ইমেইল করে প্রতিবেদন চাওয়া হলে বিসিবি বলেছে, রিপোর্টটা এখন লিগ্যাল টিমের পর্যালোচনায় আছে। কিন্তু জাহানারাকে প্রতিবেদন দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেয়নি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
এই ঘটনা নিয়ে এখন সবার চোখ বিসিবির দিকে। স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কী পদক্ষেপ নেয় বোর্ড, সেটাই এখন দেখার বিষয়।
