বাংলাদেশের ড্যাশিং ব্যাটার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগেই। অসুস্থতার কারণে ঘরোয়া ক্রিকেট থেকেও দূরে আছেন তিনি। সব মিলিয়ে ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের অধ্যায় যে শেষ, তা এখন পরিষ্কার। তবে মাঠের মানুষ মাঠ ছেড়ে থাকবেন কীভাবে? তাই আবারও মাঠে ফিরেছেন তামিম—তবে এবার ক্রিকেটার হিসেবে নয়, সংগঠক হিসেবে।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা তামিম ইকবাল। ক্রিকেটের কল্যাণেই বিশ্বজুড়ে পেয়েছেন পরিচিতি ও সম্মান। সেই বিষয়টি নতুন করে মনে করিয়ে দিয়ে খেলাধুলার জন্য কিছু করার ইচ্ছার কথাও জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, আল্লাহ আমাকে স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু দিয়েছেন—নাম, সম্মান, পরিচিতি সবকিছু। এখন আমার মনে হয়, স্পোর্টসকে দেওয়ার মতো আমার অনেক কিছু আছে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই সঠিক পথে, সততার সঙ্গে যদি স্পোর্টসের জন্য কিছু করে যেতে পারি, তাহলে এত বছরের মানুষের ভালোবাসা আর আল্লাহ আমাকে যা দিয়েছেন, তার প্রতিদান হিসেবে কিছু হলেও দিয়ে যেতে পারব।’

জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তামিম ইকবাল। টেস্ট ক্রিকেটে ১৩৪ ইনিংসে ব্যাট করে ৩৮.৮৯ গড়ে তার সংগ্রহ ৫ হাজার ১৩৪ রান। ওয়ানডেতে ২৪০ ইনিংসে ৩৬.৬৫ গড়ে করেছেন ৮ হাজার ৩৫৭ রান।

ওয়ানডে ফরম্যাটে তার নামের পাশে আছে ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি ফিফটি। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার কীর্তি রয়েছে তামিমের। টি-টোয়েন্টিতে ৭৮ ইনিংসে ১১৬.৯৬ স্ট্রাইকরেট ও ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

ক্রিকেট মাঠে না থাকলেও, স্পোর্টসের সঙ্গেই যে তামিম ইকবাল জড়িয়ে থাকতে চান—তার স্পষ্ট ইঙ্গিত মিলল আবারও।

 

Walton Ads