ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির লড়াই ছিল একেবারে সমানে সমান। প্রথমার্ধে ছন্দহীন থাকা লিভারপুল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ম্যাচের ৭৪তম মিনিটে অসাধারণ এক ফ্রি কিক থেকে অলরেডদের এগিয়ে দেন ডমিনিক সোবোসলাই।
প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার বুলেট গতির ফ্রি কিক হাওয়ায় বাঁক খেয়ে পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। অ্যানফিল্ডে তখন উচ্ছ্বাসে ফেটে পড়ে লিভারপুল সমর্থকরা।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ছয় মিনিট আগে। ৮৪তম মিনিটে বের্নার্ডো সিলভার দুর্দান্ত গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। হলান্ডের হেড পাস ছয় গজ বক্সের সামনে পেয়ে স্লাইড ভলিতে লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন পর্তুগিজ এই মিডফিল্ডার।
নাটক এখানেই শেষ নয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে ম্যাথিউস নুনেসকে ফাউল করেন লিভারপুলের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি এরলিং হলান্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি ছিল তার ২১তম গোল।
শেষ দিকে লিভারপুল অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি। ফলে ঘরের মাঠে কষ্টের হার নিয়েই মাঠ ছাড়তে হয় কোচ স্লটের দলকে।
২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে লিভারপুল।