স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। স্পেনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে শৈশবের ক্লাবে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২১ সালে আবেগঘন বিদায়ের পর ক্যাম্প ন্যু ছাড়লেও বার্সেলোনার প্রতি টান এখনো অটুট মেসির।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিতে আছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা মেসির স্বপ্ন ছিল বার্সেলোনাতেই ক্যারিয়ারের ইতি টানা। কিন্তু ২০২১ সালে চুক্তি শেষ হওয়ায় ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি। এরপর দুই মৌসুম প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) খেলে ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে তিনি লিগ কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জিতে নিজের তারকা মর্যাদা আরও পোক্ত করেছেন। — টি স্পোর্টস

যদিও বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন মেসি, তবু বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে তার সম্পর্ক কিছুটা জটিল বলেই জানা যাচ্ছে। ফলে খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাবনা নেই। তবে ভক্তদের জন্য একটি ফ্রেন্ডলি বা প্রদর্শনী ম্যাচ আয়োজন হতে পারে, যেখানে মেসি শেষবারের মতো মাঠে নেমে বার্সা সমর্থকদের বিদায় জানাতে পারেন।

ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তির পর মেসি পরিবার যুক্তরাষ্ট্রে বেশ স্বস্তিতেই সময় কাটাচ্ছেন। তবু ভবিষ্যৎ পরিকল্পনায় বার্সেলোনা এখনো বিশেষ জায়গা দখল করে আছে। স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি সত্যিই বার্সেলোনায় ফিরে যেতে চাই। আমার স্ত্রী, সন্তানরা এবং আমি সবসময়ই সেখানে ফেরার কথা ভাবি। আমাদের বাড়ি আছে, সবকিছুই আছে।”

তিনি আরও বলেন, “নতুন স্টেডিয়ামে ফিরে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।” স্পোর্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এমএলএস চুক্তি শেষ হলে মেসি বার্সেলোনায় ফিরে আসবেন। ফুটবল থেকে অবসর নেওয়ার পর ক্লাবের দৈনন্দিন কার্যক্রমে যুক্ত হয়ে স্পোর্টিং ম্যানেজমেন্ট টিমে সভাপতির সঙ্গে কাজ করার সুযোগও পেতে পারেন তিনি।

 

Walton Ads