অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলতেই নামছে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে এই ম্যাচ বয়কট নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবস্থান বদল করায় নিজের দেশকেই একহাত নিলেন সাবেক পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। তার কথায়, পাকিস্তান হলো “ইউ-টার্ন স্পেশালিস্ট”।
ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার ঘোষণা দিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সলমন আলি আঘারার দল ভারতের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত ঘিরেই সরব হয়েছেন কানেরিয়া।
একটি সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, “সবকিছুর একটা সীমা থাকে। আমি আগেই বলেছিলাম, এই নাটক থামবে না। পাকিস্তান অবশ্যই ইউ-টার্ন নেবে, কারণ ওটাতেই তারা স্পেশালিস্ট। কেউ ব্যাটিং স্পেশালিস্ট, কেউ স্পিন বোলিং স্পেশালিস্ট—আর পাকিস্তান হলো ইউ-টার্ন স্পেশালিস্ট।”
তিনি আরও বলেন, “ওদের মতো এত ভালোভাবে ইউ-টার্ন নিতে আমি কাউকে দেখিনি।” এমন অবস্থান বদলের কারণে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে নিয়ে হাসাহাসি হচ্ছে বলেও দাবি করেন এই সাবেক লেগ স্পিনার।
পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও একাধিকবার নিজ দেশের সমালোচনা করেছেন কানেরিয়া। এবারও তার ব্যতিক্রম হলো না। বয়কট ইস্যুতে তিনি বলেন, “পাকিস্তান প্রথমে কিছু দাবি তোলে। কিন্তু পরে চাপ আসে—আইসিসির নিষেধাজ্ঞা, আর্থিক ক্ষতি, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহার। এসব আশঙ্কা দেখেই তারা ইউ-টার্ন নেয়।”
কানেরিয়া প্রশ্ন তুলেছেন, “পাক ক্রিকেটের জন্য বাংলাদেশ কী এমন করেছে যে তাদের পাশে দাঁড়াতে হবে?”
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কারের ইস্যুতে সরব হয়েছিল পাকিস্তান। তারা স্পষ্ট জানায়, বাংলাদেশের প্রতি এমন আচরণ বরদাস্ত করা হবে না। আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবং বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বোর্ড কর্তা ও আইসিসির সঙ্গে বৈঠকের পর অবস্থান নরম করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোনো শর্ত ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয় তারা। পুরো ঘটনাপ্রবাহকেই ‘নাটক’ আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন দানিশ কানেরিয়া।
