ঢাকা: বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর থেকেই দেশের ক্রিকেটে অস্থিরতা। তার মধ্যেই ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
বিসিবি সিইও জানান, ‘বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।’
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদে’র হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি। সেখানে তিনি লিখেছেন, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে আমি দেশের বাইরে যাচ্ছি, দ্রুতই ফিরে আসব।’
বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর থেকেই বিসিবিতে নানা অস্থিরতা দেখা দেয়। বোর্ড পরিচালকদে’র মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে দূরত্ব—এই দুই ইস্যু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই সরগরম দেশের ক্রিকেটাঙ্গন।
এদিকে বিসিবি’র প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু আজ বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে।
নান্নু বলেন, ‘নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আশা করি এখন সব কিছু নিয়মের মধ্যে ফিরবে। ক্লাবগুলোর সঙ্গে বিসিবি’র যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।’
বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের অধীনে অনেক ক্লাবই ঘরোয়া লিগে অংশ নিতে অনীহা প্রকাশ করে আসছিল। এই ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্ব নিয়ে নান্নু স্পষ্ট জানিয়ে দেন, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা যাবে না।
তিনি বলেন, ‘আমাদের কাছে ক্রিকেটই সবার আগে। সব কিছুর উপরে বাংলাদেশ—এই নীতি মেনে আমাদের এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস নেই। আমরা চাই সবার জন্য একটি সুন্দর সমাধান আসুক।’
