বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার জন্ম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পরই তিনি কথা বললেন দুই ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা-কে ঘিরে। তাদের বিরুদ্ধে থাকা মামলার সমাধান চান বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নতুন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতি বিবেচনা না করে এগোতে চান তিনি। সরকারের পক্ষ থেকে সাকিব ও মাশরাফির বিষয়ে নমনীয় অবস্থান নেওয়া হবে বলেও আশাপ্রকাশ করেন। এমনকি সাকিবকে দেশে ফেরানোর আশ্বাসও দেন তিনি।

‘আমি আগের আমিনুলই আছি’

নিজ কার্যালয়ে হাসিমুখে কথা বলেন তিনি। প্রায় দশ মিনিট ধরে দলের পরিকল্পনা ও দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব—চলে প্রায় বিশ মিনিট। কিন্তু তার মধ্যে ক্লান্তির ছাপ ছিল না। একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যান সাবলীলভাবে।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরও ছিলেন সেই চেনা আমিনুল। সাংবাদিকদের ভিড়ে কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ করছেন নতুন প্রশ্ন। এর মাঝেই তিনি বলেন, “আমি মন্ত্রী হয়েছি বা যাই হয়েছি, আপনাদের সেই আমিনুলই রয়েছি এবং থাকব। সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন ও দেশ এগিয়ে নিতে চাই।”

জনস্রোতে কার্যালয় চত্বর

সংবাদ সম্মেলন শেষে তার কার্যালয় থেকে বের হতে গিয়ে সাংবাদিকরা পড়েন জনস্রোতে। মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দারা, ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব—সবাই এসেছেন শুভেচ্ছা জানাতে।

দ্বিতীয় তলা থেকে মাইকে সবার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন ও দোয়া করেছেন। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব। আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত।”

নতুন দায়িত্ব নিয়ে শুরুতেই সাকিব-মাশরাফি প্রসঙ্গে অবস্থান জানিয়ে ক্রীড়াঙ্গনে বড় বার্তা দিলেন আমিনুল। এখন দেখার বিষয়—তার এই আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ নেয়।

 

Walton Ads