টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। শেষ মুহূর্তে নামিবিয়ার বিপক্ষে জয় পেয়ে গ্রুপ 'এ' থেকে কোয়ালিফাই করলেও, থামছে না সমালোচনার ঝড়। বরং সুপার এইটে ওঠার পরই যেন আরও তীব্র হয়েছে বিতর্ক। এবার সরাসরি পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসনকে তোপ দাগলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

নামিবিয়ার বিপক্ষে 'ডু অর ডাই' ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অথচ ভারতের বিপক্ষে ম্যাচে তারা আগে বোলিং বেছে নিয়েছিল। এই সিদ্ধান্ত বদল নিয়েই উঠছে প্রশ্ন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ সরাসরি অধিনায়ক সলমন আলি আগাকে না বলে চলে যান কোচ হেসনের দিকে। নিজের ইউটিউব চ্যানেলে কাইফের বক্তব্য, "সলমন আলি আগাকে ছেড়ে দিলাম, কিন্তু মাইক হেসন কী করছেন? তিনি আইপিএলে কোচিং করেছেন, সারা বিশ্বে কাজ করেছেন। তাহলে ভারতের বিরুদ্ধে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত কে দিল? বিনা পরিশ্রমে টাকা নিচ্ছেন নাকি?"

কাইফের মতে, ধীরগতির পিচে আগে ব্যাট করা উচিত ছিল কি না, সেটা হেসনের জানার কথা। তিনি আরও প্রশ্ন তোলেন দল নির্বাচন নিয়েও। বিশেষ করে স্পিনার আবরার আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলেই দাগেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের প্রাক্তন তারকা ব্যাটার ও নির্বাচক মহম্মদ ইউসুফ বিস্ফোরক মন্তব্য করে বসেন। চলতি বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের জেরে তিনি প্রকাশ্যে আক্রমণ শানান প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজমকে। ইউসুফের দাবি, বাবরের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে সফল হওয়ার মতো প্রয়োজনীয় স্কিল সেটই নেই। বিশ্বকাপে তিন ম্যাচে বাবরের সংগ্রহ মাত্র ৬৬ রান, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছিল।

একটি পডকাস্ট সাক্ষাৎকারে ইউসুফ আরও বলেন, "গত ২-৩ বছর ধরেই আমি বলে আসছি বাবরের টেকনিক একেবারে নষ্ট হয়ে গেছে। সবাই বলছে ও আউট অফ ফর্ম, কিন্তু বিষয়টা তা নয়। একজন ক্রিকেটার সর্বোচ্চ দু'-তিনটি সিরিজ খারাপ খেলতে পারে। কিন্তু বাবর গত দু'-তিন বছর ধরে রানই পাচ্ছে না। আমি যখন ওকে বিশ্রাম দেওয়ার কথা বললাম, সবাই আমার বিরুদ্ধে চলে গেল। সেই কারণেই আমাকে ইস্তফা দিতে হল।"

শুধু ফর্ম নয়, মানসিকতা নিয়েও প্রচলিত ধারণাকে কটাক্ষ করেন ইউসুফ। তাঁর মতে, "মাইন্ডসেটের ওষুধ খুব ভুলভাবে বিক্রি করা হচ্ছে। স্কিল না থাকলে মাইন্ডসেট দিয়ে হবে কী? কিছুই তো করতে পারবে না। স্কিলই যদি না থাকে, তাহলে মানসিক শক্তি দিয়ে কী হবে?"

নিজের সময়কার পাক কিংবদন্তিদের সঙ্গে তুলনা টেনে ইউসুফ আরও কড়া ভাষায় আক্রমণ করেন বাবরকে। তাঁর দাবি, ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার, জহির আব্বাস, ইউনিস খান—এই চারজন আলাদা ক্যাটাগরির খেলোয়াড়। ইউসুফের সাফ কথা, "বাবর ওদের সামনে কিছুই নয়।"

ইউসুফের এই মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেটে বাবর আজমের ভবিষ্যৎ ও টি-টোয়েন্টি দলে তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। সুপার এইটে ওঠার পরেও দলের কোচিং, নেতৃত্ব ও তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে এই ঘূর্ণিঝড় আগামী ম্যাচগুলিতে কেমন প্রভাব ফেলে, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

 

news