ক্রীড়া ডেস্ক: সাকিব আল হাসান দলে ফিরলে বাংলাদেশ ২০২৭ বিশ্বকাপে বড় সুবিধা পাবে—এমনটাই মনে করছেন জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাঁর মতে, সাকিব এক ফরম্যাটে মনোযোগ দিলে সহজেই ২০২৭ পর্যন্ত দলকে সার্ভিস দিতে পারবেন।
আশরাফুল বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওর বয়স এখন ৩৭ বা ৩৮। যদি এক ফরম্যাট নিয়ে চিন্তা করে, তাহলে আরামসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। এটা আমাদের জন্য লাভ হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে ব্যাটিং-বোলিং দুইটাই করতে পারে। তাকে পেলে আমাদের জন্য ভালো হবে।”
এখানে তিনি ইঙ্গিত করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান-এর দিকে, যিনি দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ।
তিন ফরম্যাটের চিত্র
এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, বর্তমানে টেস্ট দল বেশ ভালো সেটআপে আছে। টি-২০ দলও ধারাবাহিকভাবে ভালো করছে। তবে ওয়ানডেতে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ।
“ওয়ানডে অনেক দিন পরপর খেলছি। সেখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। যারা আছে, তারা যদি বিসিএল সিরিয়াসলি নেয়, তাহলে জায়গাগুলো পূরণ করা সম্ভব। তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স দরকার। বিসিএলের পর বুঝতে পারব কোন জায়গায় প্রয়োজন বেশি,” বলেন তিনি।
মিডল অর্ডারের শূন্যতা
আশরাফুলের মতে, এক সময় ওয়ানডে ছিল বাংলাদেশের সেরা ফরম্যাট। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। “আমরা তিন ফরম্যাটের মধ্যে দুটোতেই ভালো খেলছি। ওয়ানডেতে এক-দেড় বছর ধরে পিছিয়ে আছি। অথচ এটা আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে মুশফিক, রিয়াদ, সাকিব—এই তিন বড় খেলোয়াড় মিডল অর্ডারে ছিল। তাদের চলে যাওয়ার পর যারা খেলছে, তারা পারফর্ম করছে, কিন্তু ফল আসছে না।”
২০২৭ বিশ্বকাপের লক্ষ্য
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের টপ এইটে থাকতে হবে—এ কথা মনে করিয়ে দেন আশরাফুল। তাঁর ভাষায়, “প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পরট্যান্ট। আমরা এটা নিয়ে চিন্তা করছি। কীভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারি, সেটা নিয়েই পরিকল্পনা চলছে।”
অভিজ্ঞতার মূল্য, ধারাবাহিক পারফরম্যান্স আর সঠিক পরিকল্পনা—এই তিনের সমন্বয়েই ২০২৭ বিশ্বকাপের পথ সুগম করতে চায় বাংলাদেশ। এখন দেখার, সাকিবকে ঘিরে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয় কি না।