টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। এই হারের পর সেমিফাইনালে ওঠা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে খারাপ সময়ে ভারতের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি শুধু সেমিফাইনাল নয়, বরং ফাইনালেও ভারতকে দেখছেন।
‘বিয়ন্ড ২৩ ক্রিকেট’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক সাফ জানিয়ে দিয়েছেন, ভারত এখনও এই বিশ্বকাপের সেরা দল। তিনি বলেন, “ভারত যদি সেমিফাইনালে না ওঠে, তাহলে আপনি রাগ করবেন এবং অবাক হবেনই। টি-টোয়েন্টি ক্রিকেটে ওরা অসাধারণ। এই মুহূর্তে এই সংস্করণে তারাই বিশ্বসেরা। তাছাড়া নিজেদের চেনা কন্ডিশনেই খেলছে তারা। সেমিফাইনালে না ওঠা মানে বড় ধাক্কা। এখনই ভারতকে বাতিল করে দেওয়া ঠিক হবে না। আমি বলব, তারা শুধু সেমিফাইনালেই যাবে না, ফাইনালেও খেলবে। কেউ যদি সেটা না ভাবে, সেটা হবে বোকামি।”
প্রথম ম্যাচে হারের পর ইশান কিষাণ, সূর্যকুমার যাদবদের সমালোচনায় মুখর অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক। কেউ কেউ তো ভারতকে সেমিফাইনালের দৌড় থেকেই ছিটকে দিয়েছেন। কিন্তু ক্লার্ক পুরোপুরি ভিন্ন মত পোষণ করেছেন। তাঁর মতে, চাপের মুখে ভারত কেমন প্রত্যাবর্তন করে সেটাই এখন দেখার বিষয়।
ক্লার্ক বলেন, “টুর্নামেন্টের ফেভারিটকে তাদেরই চেনা মাঠে হারানো দক্ষিণ আফ্রিকার জন্য দারুণ ব্যাপার। সত্যিই অসাধারণ এক জয় ওদের। এখন পুরো চাপটা ভারতের ওপর। কিন্তু আমি এখনও ভারতকেই সেরা দল মনে করি। ওরা নিজেদের কন্ডিশন পুরোপুরি চেনে। সে কারণেই আমি এখনও ভারতকেই ফাইনালে দেখছি। তবে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সমীকরণ কিছুটা হলেও বদলে গেছে।”
জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপের বাকি দুই ম্যাচে ভারত কী করে সেদিকেও নজর দিয়েছেন ক্লার্ক। তিনি বলেন, “ভারত জিম্বাবুয়েকে হারাবে, এটাই স্বাভাবিক। জিম্বাবুয়ে অবশ্যই যোগ্য দল বলেই সুপার এইটে উঠেছে, কিন্তু ভারত তাদের সহজেই হারাবে বলে আমার বিশ্বাস। ভারতের জন্য আসল পরীক্ষা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি। ক্যারিবিয়ানরা এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। ওরা নিজেদের ওপর ভীষণ আত্মবিশ্বাসী। আমার মনে হয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটিই নির্ধারণ করে দেবে যে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনাল খেলবে।”
