টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে জিম্বাবুয়ে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে ওঠার নায়ক আর কেউ নন, অধিনায়ক সিকান্দার রাজা। তাঁর ব্যাট আর নেতৃত্বের ম্যাজিকে দল যখন উড়ছে, তখন ব্যক্তিগত পুরস্কারও ধরা দিয়েছে তাঁর হাতে। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন এই জিম্বাবুইয়ান তারকা।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন রাজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তাঁর ব্যাট থেকে আসে ২৭ রান। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পাকিস্তানের তরুণ সেনসেশন সাইম আইয়ুবকে পেছনে ফেলে আবারও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এলেন তিনি। বর্তমানে সিকান্দার রাজার রেটিং পয়েন্ট ২৯৪, আর দ্বিতীয় স্থানে থাকা সাইম আইয়ুবের সংগ্রহ ২৮১ পয়েন্ট। সম্প্রতি এই দুই তারকার মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি বেশ কয়েকবার হাতবদল হয়েছে। দুই ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন ভারতের শিবম দুবে। আট নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, যিনি তিন ধাপ উন্নতি করেছেন।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা। বিশ্বকাপে এখন পর্যন্ত বড় ইনিংস না পেলেও সাম্প্রতিক ফর্মের সুবাদে তিনি ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে। তাঁর থেকে ৬১ পয়েন্ট পিছিয়ে থাকা ইংল্যান্ডের ফিল সল্ট রয়েছেন দুই নম্বরে।

এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। তিন ধাপ উন্নতি করে পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতের ইশান কিষাণ। আর ১০ ধাপ লাফিয়ে নয় নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস। পাকিস্তানের বিপক্ষে সুপার এইট ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জেতানো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে।

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আগের মতোই ধরে রেখেছেন ভারতের স্পিন সেনসেশন বরুন চক্রবর্তী। তবে চোখ কপালে ওঠার মতো উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশের। মাত্র ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি ২১ ধাপ লাফিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। ২৩ ধাপ উন্নতি করে সাত নম্বরে ওঠা ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ডও চমক দিয়েছেন। ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা আছেন আট নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ২১ নম্বরে অবস্থান করছেন।

 

Walton Ads