আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল টাইগ্রেসরা। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়োজক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে এই সিরিজ অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা জানান, সিরিজটি আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এটি দলের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হবে বলে জানান তিনি।
রুবাবা বলেন, 'আপনারা দেখেছেন, তারা (বাংলাদেশ নারী দল) বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, সাতটি ম্যাচই জিতেছে।' বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কথাই উল্লেখ করছিলেন তিনি।
আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে রুবাবা আরও জানান, 'এর আগে আমরা নারী বিপিএল আয়োজন করছি। এরপর দেশে একটি হোম সিরিজ থাকবে। তারপর আমরা ত্রিদেশীয় সিরিজের অনুমোদন পেয়েছি। দল স্কটল্যান্ডে যাবে—স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশ খুব শিগগিরই খেলবে। আমরা ইতোমধ্যে এসব পরিকল্পনা করে রেখেছি।'
উল্লেখ্য, আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ-১ এ বাংলাদেশের সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য হবে দারুণ অনুশীলনের সুযোগ।
