সুপার এইটের লড়াই থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল এবং জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় এখন পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
গ্রুপ-২ থেকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে হারানোর পর নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর পয়েন্ট দাঁড়িয়েছে ৩। অন্যদিকে দুই ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। ফলে ইংল্যান্ডের সঙ্গে সেমিতে ওঠার লড়াইয়ে এখন নিউজিল্যান্ড ও পাকিস্তান—এই দুই দলই টিকে আছে।
তবে বাস্তবতা বলছে, সমীকরণে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। শুধু পয়েন্ট নয়, রানরেটেও বিশাল ব্যবধান। পাকিস্তানের রানরেট যেখানে -০.৪৬১, সেখানে নিউজিল্যান্ডের ৩.০৫০। তবুও কাগজে-কলমে পাকিস্তানের ক্ষীণ আশা এখনো বেঁচে আছে।
কী সেই সমীকরণ?
প্রথম শর্ত—শেষ ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। পাশাপাশি নিউজিল্যান্ডকে হারতে হবে তাদের পরের ম্যাচে। তাহলে দুই দলের পয়েন্ট সমান ৩ হবে।
কিন্তু এখানেই শেষ নয়। রানরেটের বিশাল ৩.৫১১ ব্যবধানও পেরোতে হবে পাকিস্তানকে। অর্থাৎ শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় চাই।
পরিসংখ্যান বিশ্লেষণে পরিচিত ক্রীড়া সাংবাদিক মাজহার আরশাদ একটি সম্ভাব্য হিসাব তুলে ধরেছেন। তার মতে, যদি ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ২০ রানে হারে, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে পাকিস্তানকে অন্তত ৫০ রানের ব্যবধানে জিততে হবে। তবেই মিলতে পারে শেষ চারের টিকিট।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ৫০ রানে হারায়, তাহলে পাকিস্তানকে শ্রীলঙ্কাকে অন্তত ২০ রানে হারালেই চলবে।
আর যদি পাকিস্তান রান তাড়া করে? সেক্ষেত্রে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ৫০ রানে হারলে, শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য ১৭.৫ ওভারের মধ্যেই ছুঁতে হবে পাকিস্তানকে।
যদি সমীকরণ না মেলে?
কোনোভাবে নিউজিল্যান্ড যদি তাদের পরের ম্যাচ জিতে যায়, তাহলে পাকিস্তানের সব হিসাবই ভেস্তে যাবে। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠবে কিউইরা। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ চারে থাকবে ইংল্যান্ড। পাকিস্তানকে বিদায় নিতে হবে সুপার এইট থেকেই।
এমনকি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও পাকিস্তানের বিদায় নিশ্চিত।
এখন সব চোখ শেষ ম্যাচের দিকে। কাগজে-কলমের কঠিন সমীকরণ কি বাস্তবে মিলবে? নাকি বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে পাকিস্তানের?
