টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ পেয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার বাবা শ্রী খানচাদ সিং।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবার অসুস্থতার খবর পেয়ে দল ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন রিঙ্কু। পরে আবার দলে ফিরে আসেন তিনি। ম্যাচে একাদশে না থাকলেও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। কিন্তু ছেলে যখন মাঠে লড়াই করছিলেন, তখন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বাবা। যকৃতের ক্যান্সারে ভুগছিলেন তিনি। ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌঁছে গেলে গ্রেটার নয়দার একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত পরলোকগমন করেন খানচাদ সিং।

রিঙ্কুর বাবার মৃত্যুর খবরে শোক জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খানচাদ সিংজির মৃত্যুতে আমি শোকাহত। রিঙ্কু এবং তার পরিবারের জন্য সময়টি ভীষণ কঠিন, যদিও সে টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পালনে নিবেদিত আছে। আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা তার সঙ্গে থাকল।”

এদিকে ম্যাচের কথা বললে—চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়াদের ফিফটি আর বাকিদের ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান তোলে ভারত। জবাবে ব্রায়ান বেনেটের অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেও জিততে পারেনি জিম্বাবুয়ে। ভারত ৭২ রানে জয় পায়।

রোববার কলকাতায় শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে ভারত। কার্যত এটাই অলিখিত কোয়ার্টার-ফাইনাল। এই ম্যাচে জিততেই হবে ভারতকে। বৃষ্টির কারণে ফল না এলে বা ম্যাচ পরিত্যক্ত হলে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে যাবে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের হারে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

 

news