চীন ও উত্তর কোরিয়া এশিয়ান পরাশক্তি, দেশ দুটি নারী এশিয়ান কাপের শিরোপা প্রত্যাশী। অপরদিকে বাংলাদেশ আসরের সবচেয়ে পিছিয়ে থাকা দল। প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে তাই প্রতিপক্ষ নয়, নিজেদের নিয়েই ভাবছেন মনিকা চাকমা।

প্রতিযোগিতা শুরুর দিনে বাংলাদেশ মিডফিল্ডার বলছিলেন, “অবশ্যই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। রেজাল্ট যাই হোক, আমরা আমাদের সেরাটাই দেব। আমরা আমাদের নিজেদের নিয়েই বেশি ভাবছি। কারণ আমাদের এখানে পারফর্ম করতে হবে।” গতকাল আসরের উদ্বোধনী দিনে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে মিশন শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

‘বি’ গ্রুপে চীন ও উত্তর কোরিয়া ছাড়া বাংলাদেশের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। ফিফা র‌্যাংকিংয়ের ভিত্তিতে দেশটি লাল-সবুজদের চেয়ে এগিয়ে আছে বটে, তার পরও এ ম্যাচে ভালো কিছু করার স্বপ্ন দেখছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের আগে এ প্রসঙ্গে মনিকা চাকমা বলেছেন, “আমরা ওদের সঙ্গে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যেহেতু ওদের সঙ্গে খেলার সুযোগ হয়েছে, আমরা সেই সুযোগ কাজে লাগাব। আর মিডফিল্ডের কথা বলতে গেলে—আমরা যখন খেলব, তখন সবকিছু মেনটেইন করে কার কী দায়িত্ব, সেটা পালন করে খেলার চেষ্টা করব।”

ফুটবলে কোচের কৌশল ম্যাচের ভাগ্যনির্ধারক, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়াও। এ সম্পর্কে মনিকা চাকমা বলেছেন, “সবদিক দিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। শুধু মিডফিল্ড নয়, আমাদের স্ট্রাইকার, ডিফেন্ডার এবং গোলকিপার—সব বিভাগকেই দায়িত্ব নিতে হবে। আমরা সেভাবেই প্রস্তুত।”

আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) শুরু হবে ম্যাচ। একই ভেন্যুতে ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে এশিয়ার আরেক পরাশক্তি উত্তর কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজরা। সিডনিতে দুই ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে পার্থ যাবে বাংলাদেশ দল। রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে ৯ মার্চ শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ জিতলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে।

মনিকাদের ভাবনা উজবেকিস্তান ম্যাচ নয়, আপাতত ভাবনায় চীন ম্যাচ। সে ম্যাচের আগে মনিকা চাকমা বলেছেন, “আমরা অনেকদিন ধরে এখানে (সিডনিতে) আছি। আমরা এই আবহাওয়ার সঙ্গে এখন অনেকটাই মানিয়ে নিয়েছি। আমরা এখানে ভালো অনুশীলন করছি।” দলের অন্যতম সেরা মিডফিল্ডার আরও বলেন, “দিন দিন আমাদের উন্নতি হচ্ছে। সব মিলিয়ে দল ভালো আছে। গোলকিপার থেকে স্ট্রাইকার পর্যন্ত সবাইকেই শক্তিশালী হতে হবে।”

প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে মনিকা বলেছেন, “যেহেতু ওরা শক্তিশালী, তাদের সঙ্গে আগে আমাদের খেলার অভিজ্ঞতা নেই; তাই মাঠে নেমে পরিস্থিতি বুঝে আমাদের খেলতে হবে। দেশের জন্য, নিজের জন্য এবং পরিবারের জন্য আমরা এখানে খেলতে এসেছি। তাই আমরা আমাদের দেশের কথাই ভাবছি। আমরা ডিফেন্ডিং এবং অ্যাটাকিং—দুই দিক নিয়েই কাজ করছি। বল পেলে অবশ্যই আমরা অ্যাটাক করব, আর বল হারালে দ্রুত পজিশনে ফিরে আসার চেষ্টা করব।”

 

news