একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের, অন্যদিকে তাদের নারী দল অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে লড়ছে। তবে ঠিকই পেছনে রেখে আসা পরিবারের জন্য মন কাঁদছে ফুটবলারদের। সেই প্রসঙ্গ তোলা হয়েছিল ইরানের সংবাদ সম্মেলনে।
যার জবাব দিতে গিয়ে অশ্রু সামলাতে পারেননি ইরানি ফুটবলার সারা দিদার। একইসঙ্গে তিনি দেশ থেকে ভালো খবরের আশায় থাকার কথাও জানিয়েছেন।
এএফসি এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে ইরানের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) তারা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে যুদ্ধের প্রসঙ্গ উঠে ইরান ফরোয়ার্ড ও কোচের সামনে। এই সময় আবেগাপ্লুত হয়ে সারা দিদার বলেন, “অবশ্যই আমরা সবাই উদ্বিগ্ন ও ব্যথিত এই ভেবে যে, ইরান এবং সেখানে থাকা আমাদের পরিবারের সঙ্গে কী ঘটছে।”
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে কেবল ভালো খবরের আশা–ই করেন সারা দিদার, “আমি সত্যিই আশা করি সামনের দিনগুলোয় দেশ থেকে ভালো খবর পাব। একইসঙ্গে আমার দেশ শক্তিশালী হয়েই টিকে থাকবে বলে প্রত্যাশা।”
এর আগে শনিবার ইরানে হামলা শুরুর আগেই নিরাপদে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল ইরান ফুটবল দল। এরপর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলেও ইরানি কোচ ও অধিনায়ক সেটি এড়িয়ে যান।
