মুম্বাইয়ে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তারপরও আবহাওয়া যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। যদি বৃষ্টি বা অন্য কোনো কারণে বৃহস্পতিবারের ম্যাচ ভেস্তে যায়, তাহলে ফাইনালে কারা উঠবে তা আগেভাগে ঠিক করা আছে।
মুম্বাইয়ে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা না থাকলেও আইসিসি ‘রিজার্ভ ডে’ রেখেছে। দুটি সেমিফাইনালেই এই নিয়ম প্রযোজ্য। ইডেনে প্রথম সেমিফাইনাল নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে।
আজ যদি বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে খেলা না হয় বা মাঝপথে বন্ধ হয়ে যায়, তবে ম্যাচটি পরের দিন, অর্থাৎ শুক্রবার নতুন করে শুরু হবে অথবা আগের দিন যেখানে খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। ফলাফল নিশ্চিত করার সবরকম চেষ্টা করা হবে।
খেলার নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত সময়ও রাখা হয়েছে। সেমিফাইনালের নির্ধারিত দিনে (বৃহস্পতিবার) ৯০ মিনিট এবং রিজার্ভ ডেতে (শুক্রবার) ১২০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ আছে। ফাইনাল ম্যাচের ক্ষেত্রে মূল দিন এবং রিজার্ভ ডে দুই দিনই ১২০ মিনিট করে অতিরিক্ত সময় রাখা হয়েছে।
সাধারণত টি-টোয়েন্টি ম্যাচে ফলাফলের জন্য ৫ ওভার করে উভয় দলকে ব্যাটিং করতে হয়। তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ম্যাচের ফলাফল নিশ্চিত করতে দুই দলকেই অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে। যদি মূল দিনে তা সম্ভব না হয়, তবে রিজার্ভ ডেতে ম্যাচটি নতুন করে শুরু না হয়ে ঠিক যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই খেলা হবে।
রিজার্ভ ডের পরও যদি ম্যাচ শেষ করা না যায়, তবে নিয়ম অনুযায়ী সুপার এইট পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতেই ফাইনালিস্ট নির্ধারিত হবে। এই নিয়ম অনুযায়ী ভারত ফাইনালে উঠতে পারবে না, ইংল্যান্ড ফাইনালে যাবে। কারণ, ভারত সুপার এইট পর্বে ৪ পয়েন্ট পেয়েছিল, অন্যদিকে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে।
