বর্তমানে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স খুব ভালো নয়; টাইগারদের র্যাঙ্কিং এখন ১০ নম্বরে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ঘরোয়া ক্রিকেটের মানকে ওয়ানডে ব্যর্থতার প্রধান কারণ হিসেবে দেখছেন।
আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,
“আমার মনে হয়, আশ্চর্যজনকভাবে ৫০ ওভারের ক্রিকেটে আমরা ভালো করতে পারিনি। তবে ২০ ওভারের খেলায় ফল মোটামুটি গ্রহণযোগ্য। গত এক বছরে ওয়ানডেতে আমরা তেমন প্রতিযোগিতামূলক খেলতে পারিনি। ডোমেস্টিক ক্রিকেটের ফরম্যাটেও সেই প্রতিযোগিতার ঘাটতি ছিল। আগে লোকাল ক্রিকেটের মান ভালো ছিল, কিন্তু এখন তা অনেকটা নিম্নমুখী। এটিই বড় একটি কারণ।”
তবে বর্তমানে ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের চেষ্টা চলছে। ফাহিম বলেন,
“সম্প্রতি খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেট লিগ খেলেছে। লক্ষ্য হলো মানসম্পন্ন ডোমেস্টিক ক্রিকেট আয়োজন করা, যেখানে খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা পাবে। সেই অভিজ্ঞতা নিয়েই তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে। ৫০ ওভারের ক্রিকেটে এখন একটি উন্নতির ধারা তৈরি হয়েছে, যা ধরে রাখতে পারলে আসন্ন সিরিজে ভালো ফল পাওয়া সম্ভব।”
ফাহিম আরও জানান, পাকিস্তান এবার ৬ নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে। তবে সিরিজ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
“ইন্টারন্যাশনাল ম্যাচ সবসময় কম্পিটিটিভ। এখানে কাউকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। পাকিস্তান নিশ্চিতভাবে সেরা দলটাই পাঠাচ্ছে, যারা কম্পিট করতে পারবে। নির্বাচিত খেলোয়াড়রা তাদের বাকি খেলোয়াড়দের চাইতে ভালো খেলবে—এটাই পাকিস্তান আশা করছে। আন্তর্জাতিক ক্রিকেটে কেউই দুর্বল দল পাঠাতে চায় না।”
ফাহিমের মতে, তাই আসন্ন সিরিজে দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে এবং ওয়ানডে টাইগারদের উন্নতির ধারায় রাখবে।
