সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাতের আগ্রাসী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় দলটি। দ্রুত নিজের ফিফটিও তুলে নিয়েছিলেন তিনি এবং এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকেই।

তবে সেই দৌড় বেশিক্ষণ চলতে দিলেন না বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বল হাতে আঘাত হেনে সাদাকাতকে আউট করে পাকিস্তানের শক্তিশালী ওপেনিং জুটি ভেঙে দেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১১১ রান। ক্রিজে এখন ব্যাট করছেন সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে ব্যাট করতে নামে পাকিস্তান।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন ওপেনার মাজ সাদাকাত। অন্য প্রান্তে তাকে ভালোভাবেই সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। দুজনের ব্যাটে দ্রুতই বড় রান তুলতে থাকে পাকিস্তান।

মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। তার আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তানের স্কোরবোর্ড দ্রুত এগোতে থাকে।

দুই ওপেনারের জুটিতে আসে ১০৩ রান। শেষ পর্যন্ত ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

আউট হওয়ার আগে ৪৬ বলে ৭৫ রান করেন সাদাকাত। তার এই দারুণ ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা।

 

news