সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ছিল পুরোপুরি পাকিস্তানের দখলে। ওপেনার মাজ সাদাকাতের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে সফরকারীরা। তবে সেই গতি থামানোর কাজ শুরু করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সাদাকাতকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। এরপর অল্প সময়ের মধ্যেই আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা একটি করে উইকেট তুলে নিয়ে ম্যাচে চাপ তৈরি করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪১ রান। বর্তমানে ক্রিজে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন ওপেনার মাজ সাদাকাত। অন্য প্রান্তে তাকে ভালোভাবে সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

মাত্র ৩১ বলেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। দুই ওপেনারের ব্যাটে দ্রুত রান আসে এবং তাদের জুটিতে যোগ হয় ১০৩ রান।

শেষ পর্যন্ত ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৪৬ বলে ৭৫ রান করেন সাদাকাত। তার ঝড়ো ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা।

এরপর ব্যাট করতে নামেন তরুণ তারকা শামিল হুসাইন। শুরুতে সাহিবজাদা ফারহানকে সঙ্গ দিয়ে দেখেশুনে খেলছিলেন তিনি। কিন্তু বেশি সময় টিকতে পারেননি ফারহান। আউট হওয়ার আগে ৪৬ বলে ৩১ রান করেন তিনি।

কিছুক্ষণ পর সাজঘরের পথ ধরেন শামিল হুসাইনও। তিনি ২২ বলে ৬ রান করে আউট হন। ফলে দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান।

 

news