মাজ সাদাকাতের দুর্দান্ত সূচনার পরও দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারিয়েছিল পাকিস্তান। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে সালমান আলি আগা গড়ে তোলেন গুরুত্বপূর্ণ শতরানের জুটি। সেই জুটির ওপর ভর করেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল পাকিস্তান।
এমন পরিস্থিতিতে এই জুটি ভাঙতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত কাজের কাজটি করেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে বল করে নয়, তিনি আউট করেন রান আউটের মাধ্যমে—আর সেই ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
ফিফটির দেখা পাওয়া সালমান আলি আগাকে বোলিংয়ে পরাস্ত করতে পারেননি মিরাজ। কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে রান আউট করেন। আর সেটি নিয়েই মাঠে তৈরি হয় উত্তেজনা।
ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মেহেদী হাসান মিরাজ। এটি ছিল তার করা দশম ওভার। প্রথম তিন বলে দেন মাত্র এক রান।
চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ান রক্ষণাত্মক ভঙ্গিতে বল খেলেন, আর বলটি সোজা চলে আসে মিরাজের দিকেই। এ সময় রান নেওয়ার জন্য এগিয়ে যান সালমান আগা। তিনি চেয়েছিলেন বলটি মিরাজের দিকে ঠেলে দিয়ে দ্রুত রান নিতে।
কিন্তু সেই সুযোগ দেননি বাংলাদেশের অধিনায়ক। দ্রুত বল কুড়িয়ে নিয়ে স্টাম্প ভেঙে দেন মিরাজ, ফলে রান আউট হয়ে যান সালমান।
মিরাজের এই দ্রুত সিদ্ধান্ত যেন বিশ্বাসই হচ্ছিল না সালমান আগার। শেষ পর্যন্ত বিষয়টি থার্ড আম্পায়ারের কাছে গেলে তাকে আউট ঘোষণা করা হয়। সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে কিছুটা মেজাজ হারাতেও দেখা যায় সালমানকে।
আউট হওয়ার আগে ৬২ বলে ৬৪ রান করেন সালমান আলি আগা। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। তিনি আউট হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান।
