পাকিস্তানের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মিরপুরে হঠাৎ নামা বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ রয়েছে খেলা। শুরুতে বজ্রসহ বৃষ্টি এবং পরে শিলাবৃষ্টিও দেখা গেছে শের-ই বাংলা স্টেডিয়ামে।
সময় যত গড়াচ্ছে, ততই ম্যাচের দৈর্ঘ্য কমে যাচ্ছে। রাত ৮টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে ওভার কর্তন, ফলে বদলে যেতে পারে ম্যাচের সমীকরণ।
এদিকে নিয়ম অনুযায়ী, রাত ১০টা ৫৫ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।
বৃষ্টি শুরুর আগে পর্যন্ত ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে অপরাজিত আছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।
এর আগে বাংলাদেশের হয়ে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ এবং নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।
বর্তমানে মিরপুরে বৃষ্টি না থাকলেও মাঠ খেলার উপযোগী করতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সময় অনুযায়ী রাত ৯টা ৪৫ মিনিটে খেলা পুনরায় শুরু হতে পারে।
ইতোমধ্যে মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে নেমেছেন। এরপর ক্রিজ ও আউটফিল্ড পরীক্ষা করে খেলা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা।
যেহেতু ৮টা ২০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়েছে, তাই বৃষ্টি আইনে (ডিএলএস) বাংলাদেশের লক্ষ্যও পরিবর্তন হবে। নিয়ম অনুযায়ী ওয়ানডে ম্যাচের ফল নির্ধারণের জন্য কমপক্ষে ২০ ওভার খেলা হওয়া বাধ্যতামূলক। অন্যথায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাবে।
খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ যদি কোনো উইকেট না হারাত, তাহলে ২০ ওভারে তাদের লক্ষ্য হতো ১৪০ রান। কিন্তু ইতোমধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলায় ২০ ওভারে লক্ষ্য দাঁড়াতে পারে প্রায় ১৯৯ রান।
এছাড়া ম্যাচ যদি ৩০ ওভারে নামিয়ে আনা হয়, তাহলে বাংলাদেশের লক্ষ্য হতে পারে ২৩৮ রান। আর ৪০ ওভারের ম্যাচ হলে জয়ের জন্য করতে হবে ২৬১ রান।
এখন সবকিছুই নির্ভর করছে কখন মাঠে আবার খেলা শুরু হয় তার ওপর।
