বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান, যেখানে দুই ম্যাচ শেষে দুই দল ১-১ সমতায়। রোববার (আগামীকাল) হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী লড়াই। তবে পাকিস্তান দলকে এবার চাঞ্চল্যকর খবর টানল—তাদের তরুণ অলরাউন্ডার হুসাইন তালাত কাঁধের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন।

শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনের বাইরে আঘাত পান তালাত। ব্যথায় কাতরাতে তিনি মাটি থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না। সঙ্গে সঙ্গেই প্রাথমিক মূল্যায়নের পর তাকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তার বাঁ-হাতের কাঁধের সংযোগস্থল সরে গেছে, যার কারণে তাকে ১২ থেকে ১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, “দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আহত হুসাইন তালাতের বাঁ-হাতের কাঁধের সংযোগস্থল সরে গেছে। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার নিবিড় চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি স্থির আছেন, এরপরই ছেড়ে দেওয়া হয়েছে।”

এই চোটের কারণে ৩০ বছর বয়সী অলরাউন্ডার পিএসএল আসরেও খেলতে পারবেন না। পিসিবি জানিয়েছে, “দ্রুততম সময়ে তার চোট পুনর্বাসনের কার্যক্রম শুরু হবে। কিছু সময় বিশ্রামের পর তালাতকে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (এনসিএ) রিপোর্ট করতে হবে, সেখানেই চলবে তার পুনর্বাসন। মাঠে ফিরতে ১২–১৪ সপ্তাহ লাগতে পারে।”

গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে। তাদের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান তুলতেই মিরপুরে বৃষ্টি হানা দেয়। প্রায় আড়াই ঘণ্টা পর খেলা শুরু হলে ৩২ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রানের। কিন্তু বাংলাদেশ ১১৪ রানেই গুটিয়ে যায়, ১২৮ রানে জয় পায় শাহিন আফ্রিদির দল।

রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে।

 

news